কুবি শিক্ষার্থীকে ধর্ষণ ও মা-মেয়েকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

  • প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, দুপুর ০৩:৪৬
  • আপডেট: ১২ নভেম্বর ২০২৬, দুপুর ০৩:৪৬
WhatsApp Image 2026-11-11 at 3.27.48 PM

জিএম মাকছুদুর রহমান:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা এবং তার মাকে হত্যার দায়ে মোবারক হোসেন (২৯) নামে এক কবিরাজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবদুল মোতালেব মজুমদার। আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকার একটি ভাড়া বাসা থেকে এক নারী ও তার বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তরুণী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলেন। ঘটনার সময় মা ও মেয়ে বাসায় একাই ছিলেন। আগের দিন রাতে নিহত নারীর দুই ছেলে বাড়িতে ফিরে মা ও বোনের হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় পরদিন নিহতের বড় ছেলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরদিনই পুলিশ সন্দেহভাজন হিসেবে কবিরাজ মোবারক হোসেনকে গ্রেফতার করে। পরে তিনি আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মামলার বিবরণে জানা যায়, হত্যাকাণ্ডের আগে মোবারক হোসেন ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণ করেন। এ সময় বিষয়টি দেখে ফেলায় তার মাকে বালিশচাপা দিয়ে হত্যা করেন। পরে ওই শিক্ষার্থীকেও হত্যা করেন তিনি। মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর আবদুল মোতালেব মজুমদার জানান, চাঞ্চল্যকর এ জোড়া হত্যাকাণ্ডের মামলায় অভিযোগপত্র দাখিলের মাত্র তিন মাসের মধ্যে বিচারিক কার্যক্রম সম্পন্ন করে রায় ঘোষণা করা হয়েছে। মামলায় মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষীদের জবানবন্দি, পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে আদালত এ রায় দেন। তিনি আরও জানান, আসামির পক্ষে কোনো আইনজীবী না থাকায় ন্যায়বিচার নিশ্চিত করতে আদালত নিজ উদ্যোগে একজন আইনজীবী নিয়োগ দেন। ওই আইনজীবী আসামির পক্ষে সাক্ষীদের জেরা করেন এবং বিচারিক কার্যক্রমে অংশ নেন। রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহতদের স্বজনরা। তারা বলেন, আদালতের রায়ে তারা সন্তুষ্ট। তবে মামলাটি উচ্চ আদালতে গড়ালে সেখানেও যেন ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়, সেই প্রত্যাশা তাদের।

Ad