কুমিল্লায় হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড

  • প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৩:২২
  • আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৩:২২
1000264422

জিএম মাকছুদুর রহমান:


কুমিল্লার চান্দিনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শিল্পী রাণী দাস নামে এক নারীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী ও স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তবে অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি বকুল রাণী দাসকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিথিলা ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. ইসমাইল মিয়া রতন। ​সাজা প্রাপ্ত আসামিরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল বারইপাড়া এলাকার মৃত ক্ষিতিশ দাশের ছেলে সমির চন্দ্র দাশ (৪২) এবং তার স্ত্রী রূপালী রাণী দাস (৩৭)। ​মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ জানুয়ারি সকালে চান্দিনার মহিচাইল এলাকায় পৈতৃক জমি নিয়ে একই বাড়ির রনজিৎ চন্দ্র দাশের পরিবারের সঙ্গে আসামিদের বাগ্‌বিতণ্ডা হয়। তর্কের একপর্যায়ে সমির চন্দ্র দাশ, তার স্ত্রী রূপালী রাণী দাশ ও বকুল রাণী দাশ ধারালো দা নিয়ে রনজিৎ ও তার স্ত্রী শিল্পী রাণী দাসের ওপর হামলা চালান। হামলায় তারা দুজনেই রক্তাক্ত ও গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিল্পী রাণী দাসকে মৃত ঘোষণা করেন। ​উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শিল্পী রাণীর ভাসুর নিতাই চন্দ্র দাশ বাদী হয়ে তিনজনকে আসামি করে চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে ২০১৮ সালের ১৮ আগস্ট আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই মো. শাহজাহান। ​রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. ইসমাইল মিয়া রতন জানান, মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সাক্ষ্য-প্রমাণ ও আসামিদের জবানবন্দি দীর্ঘ পর্যালোচনা শেষে বিচারক এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

Ad