কুমিল্লায় সাঁড়াশি অভিযানে ৩৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার বিপুল পরিমাণ মাদকের চালান

  • প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৪:৩১
  • আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৪:৩১
1000266968

জিএম মাকছুদুর রহমান:

​কুমিল্লাজুড়ে জেলা পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৩৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা, ৪২ কেজি গাঁজা ও ১০ বোতল হুইস্কি জব্দ করা হয়। আলাদা একটি অভিযানে তিন ছিনতাইকারী ও চোরকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ​রোববার (৬ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ​বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সামাজিক অবক্ষয় রুখতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ অবস্থান গ্রহণ করেছেন কুমিল্লার পুলিশ সুপার। এই সিদ্ধান্তের অংশ হিসেবে জেলার বিভিন্ন থানা এলাকায় সচেতনতামূলক সমাবেশ ও র‍্যালির আয়োজনের পাশাপাশি নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। ​গত ২৪ ঘণ্টায় পুরো জেলায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধারসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। এদের মধ্যে অনেককে মোবাইল কোর্ট, নিয়মিত মামলা ও সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। ​জেলা পুলিশ আরও জানায়, অপরাধ দমনে মাদক ও ছিনতাইবিরোধী এ ধরনের ধারাবাহিক অভিযান সামনেও জোরদার থাকবে।

Ad