কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৭৭ লাখ টাকার পণ্য জব্দ
জিএম মাকছুদুর রহমান:
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে পৃথক অভিযানে দুই চোরাকারবারীকে হাতেনাতে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় নগদ ২ লাখ ২২ হাজার টাকা ও একটি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৭৭ লাখ ৪ হাজার ৫০০ টাকা। রোববার (২২ নভেম্বর) বিকেলে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের আওতাধীন আখাউড়া, মঈনপুর, সালদানদী, শশীদল ও খারেরা বিওপির (বর্ডার আউটপোস্ট) বিশেষ টহল দল সীমান্তের বিভিন্ন পয়েন্টে একযোগে ও পৃথকভাবে এই অভিযান চালায়। অভিযানে নগদ অর্থ ও মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়। জব্দকৃত মালামালের তালিকায় রয়েছে ভারতীয় অবৈধ মোবাইল ডিসপ্লে, বিভিন্ন ধরনের ওষুধ, গরু, মোবাইল ফোন, ইস্কাপ সিরাপ, গাঁজা ও মদ। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—বিজিবি মহাপরিচালকের এই মূলমন্ত্র ধারণ করে সীমান্তে নিরাপত্তা জোরদার, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং জননিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।চোরাচালান ও মাদক পাচারের পাশাপাশি মানব পাচার, বিশেষ করে নারী ও শিশু পাচার রোধে সীমান্তজুড়ে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযানও অব্যাহত রয়েছে এবং সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন কঠোর পদক্ষেপ চলমান থাকবে বলে জানিয়েছে বিজিবি।



.webp)