কুমিল্লায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বকুল গ্রেপ্তার
জিএম মাকছুদুর রহমান:
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের তিনবারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট হোসনে আরা বকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর বাগিচাগাঁও এলাকা থেকে তাঁকে আটক করা হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। পুলিশ জানায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর হামলা এবং নির্যাতনের অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন এবং সম্প্রতি গোপনে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার জানান, সরকারবিরোধী আন্দোলন ও নাশকতার পরিকল্পনার সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাঁকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আদর্শ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন হোসনে আরা বকুল। তিনি নিষিদ্ধ ঘোষিত আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন এবং কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহার উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।



