কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযান: অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, বিকাল ০৭:০৬
  • আপডেট: ০৬ অক্টোবর ২০২৬, বিকাল ০৭:০৬
WhatsApp Image 2026-10-06 at 2.45.37 PM

জিএম মাকছুদুর রহমান:

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কোমল পানীয় বিক্রি এবং জ্বালানি তেল মাপে কম দেওয়ার অপরাধে কুমিল্লায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে ২৫ টাকার কোমল পানীয় ৩০ টাকায় বিক্রির অভিযোগ করায় জরিমানার ২৫ শতাংশ বা ৭ হাজার ৫০০ টাকা পুরস্কার পেয়েছেন এক সচেতন ভোক্তা। ​মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টা থেকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড ও ঝাগরজুলি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে। অধিদপ্তর সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঝাগরজুলি এলাকার রোড স্টার হোটেলের 'মাহি ফুড কর্নার'-এ এক ভোক্তা ২৫ মিলিলিটারের একটি 'ডিউ' কোমল পানীয়ের গায়ে নির্ধারিত মূল্য ২৫ টাকা লেখা থাকলেও তার কাছ থেকে ৩০ টাকা রাখার অভিযোগ করেন। ​অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০১ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নিয়মানুযায়ী অভিযোগকারী সেই গ্রাহককে জরিমানার ২৫ শতাংশ বা ৭ হাজার ৫০০ টাকা প্রোদনা (পুরস্কার) হিসেবে প্রদান করা হয়। এদিকে একই অভিযানে ঝাগরজুলির এস.কে ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০১ এর ৪৮ ধারায় আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির পাশাপাশি জ্বালানি তেল পরিমাপেও মারাত্মক ঘাটতির প্রমাণ পাওয়া যায়। ​পরীক্ষায় দেখা যায়, সেখানে প্রতি পাঁচ লিটারে অকটেনে ১২০ মিলিলিটার, পেট্রোলে ১৩০ মিলিলিটার এবং ডিজেলে ১১০ মিলিলিটার করে তেল কম দেওয়া হচ্ছিল। ​অভিযানকালে সিলভাম গ্যাস সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য ব্যবসায়ীদের কঠোর নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়। ​ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ব্যবসায়ীদের পণ্যের নির্ধারিত মূল্য অনুসরণ, সঠিক পরিমাণে পণ্য সরবরাহ এবং সরকারি মূল্যে সিলভাম গ্যাস বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে ভোক্তা অধিকার রক্ষায় এমনভিযান অব্যাহত থাকবে। 

Ad