কুমিল্লায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০৭ নেতাকর্মী আটক
জিএম মাকছুদুর রহমান:
কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে পরিচালিত এ অভিযানে মোট ১০৭ জনকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১৪ জন, সদর দক্ষিণে ৯ জন, চৌদ্দগ্রামে ৭ জন, চান্দিনায় ৬ জন, বুড়িচংয়ে ৮ জন, ব্রাহ্মণপাড়ায় ৩ জন, বরুড়ায় ৪ জন, লাকসামে ৭ জন, মনোহরগঞ্জে ২ জন, নাঙ্গলকোটে ৬ জন, দাউদকান্দিতে ১২ জন, তিতাসে ৪ জন, হোমনায় ৩ জন, মেঘনায় ১ জন, দেবিদ্বারে ৬ জন, মুরাদনগরে ৪ জন, বাঙ্গরায় ১ জন, লালমাইয়ে ৭ জন এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩ জনকে আটক করেছে।অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের চেষ্টা চালাচ্ছে। এ ধরনের তৎপরতা প্রতিহত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও জানমালের সুরক্ষা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হয়েছে।তিনি বলেন, এক রাতেই জেলার ১৮টি থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ১০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

.webp)

