কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে এক রাতেই আটক ২৯৯

  • প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, দুপুর ০৪:৪৮
  • আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, দুপুর ০৪:৪৮
WhatsApp Image 2026-11-05 at 1.54.02 PM

জিএম মাকছুদুর রহমান:

কিশোর গ্যাং, মাদক কারবারি ও ছিনতাইকারীদের তৎপরতা দমনে কুমিল্লাজুড়ে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ২৯৯ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কিশোরদের বেপরোয়া চলাফেরা, মাদক কেনাবেচা এবং ছিনতাইপ্রবণ স্থানগুলোকে বিশেষ নজরদারিতে রেখে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। আটক ব্যক্তিদের বিষয়ে প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অপরদিকে, অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় কিংবা বয়স ও পরিস্থিতি বিবেচনায় বাকি ১৪০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ বিশেষ অভিযানে ৪ নভেম্বর পর্যন্ত জেলায় মোট ৬ হাজার ৮৫৭ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ হাজার ৯৬৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২ হাজার ৮৯৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। বিশেষ করে উঠতি বয়সের কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, তাদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Ad