ধূমকেতু এক্সপ্রেসে ডিবির অভিযান, ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি আটক

  • প্রকাশ: ২৭ জুন ২০২৬, দুপুর ০৪:০৮
  • আপডেট: ২৭ জুন ২০২৬, দুপুর ০৪:০৮
WhatsApp Image 2026-06-26 at 1.53.28 PM

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি: লাবলু বিশ্বাস :

রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ এক দম্পতিকে আটক করেছে পাকশী রেলওয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত প্রায় ১২টা ৪৫ মিনিটে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের অদূরে চলন্ত ট্রেনে এ অভিযান পরিচালনা করা হয়।আটকরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কল্যাণপুর এলাকার বাসিন্দা মোছা. সাজেমা বেগম (৪২) ও তার স্বামী মো. কাজল আহমেদ (৪৩)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের নির্দেশনায় ডিবির একটি বিশেষ টিম রাজশাহী রেলওয়ে স্টেশন থেকেই ট্রেনটিতে নজরদারি শুরু করে। পরবর্তীতে ধূমকেতু এক্সপ্রেস ঈশ্বরদী এলাকায় পৌঁছালে ‘জ’ বগির ৭৬ ও ৭৭ নম্বর আসনে থাকা সন্দেহভাজন ওই দম্পতির তল্লাশি চালানো হয়।তল্লাশির সময় সাজেমা বেগমের ভ্যানিটি ব্যাগ থেকে ৫০ গ্রাম এবং কাজল আহমেদের প্যান্টের পকেট থেকে আরও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে ডিজিটাল ওজন মেশিনে মাদকের পরিমাণ নিশ্চিত করে জব্দ করা হয়।এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ঈশ্বরদী রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Ad