তিতাসে ভ্যানচাপায় স্কুলছাত্র আলিফের মৃত্যু
জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার
কুমিল্লার তিতাসে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগতির ভ্যানচাপায় মো. আলিফ হোসেন (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার উলুকান্দি এলাকায় সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ তিতাস উপজেলার উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র এবং উলুকান্দি গ্রামের পূর্বপাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী মো. দেলোয়ার হোসেনের ছোট ছেলে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিল আলিফ। পথিমধ্যে সড়কের অপর পাশের একটি দোকানে অবস্থানরত তার বাবার এক পরিচিতজনের দিকে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার চেষ্টা করে সে। এ সময় 'মাছিমপুর বেকারি'র পণ্যবাহী একটি দ্রুতগতির ভ্যান তাকে সজোরে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপরই চালক ভ্যানটি ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাতে পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথেই না ফেরার দেশে চলে যায় শিশু আলিফ। বিকেলে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে এলে এলাকায় নেমে আসে শোকের ছায়া। এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক জানান, রিপোর্ট লিখা পর্যন্ত এবিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। স্বজন বা প্রত্যক্ষদর্শীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


