দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড

  • প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, বিকাল ০৭:২৫
  • আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, বিকাল ০৭:২৫
1000294602

জিএম মাকছুদুর রহমান:

কুমিল্লার দেবিদ্বারে মাদকদ্রব্যের বিস্তার রোধ ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ মোবাইল কোর্টে দুইজনকে ভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ​বুধবার (১৮ নভেম্বর) দুপুরে দেবিদ্বার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।​প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে মাদক সেবনের বিষয়টি প্রমাণিত হওয়ায় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর ৩৬(৫) ধারা অনুযায়ী মো. বিল্লাল হোসেনকে ছয় মাস এবং মো. হানিফকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত বিল্লাল হোসেন দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের ময়নাল হোসেনের এবং মো. হানিফ পার্শ্ববর্তী চান্দিনা উপজেলার মহারং গ্রামের মৃত শহিদের সন্তান। ​অভিযান চলাকালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার পরিদর্শক মো. সাইফুল ইসলাম।​মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষে এ ধরনের ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

Ad