দেবিদ্বারে সরকারি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
জিএম মাকছুদুর রহমান:
কুমিল্লার দেবিদ্বারে সরকারি জমি থেকে অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটার অপরাধে মো. সোবাহান (৬০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ নভেম্বর) দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের নবীয়াবাদ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে মোঃ সোবাহানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানাপ্রাপ্ত মোঃ সোবাহান (৬০) নবীয়াবাদ গ্রামের আবদুল মজিদের ছেলে। দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়, সরকারি সম্পত্তি রক্ষা, অবৈধভাবে মাটি কাটা প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

.webp)

