দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫১ হাজার টাকা জরিমানা

  • প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৩:৪৪
  • আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৩:৪৪
1000265060

জিএম মাকছুদুর রহমান:

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার নিউমার্কেট এলাকায় অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি এবং যানজট সৃষ্টির অপরাধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ​বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত দেবিদ্বার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ​অভিযান সূত্রে জানা যায়, নিউমার্কেট এলাকার অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির গোপন অভিযোগের ভিত্তিতে মোট ১৫টি ফার্মেসিতে পরিদর্শন চালানো হয়। এর মধ্যে ৮টি ফার্মেসিতে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার প্রমাণ মেলায় ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর প্রযোজ্য ধারায় প্রতিষ্ঠানগুলোকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়। ​এছাড়া নির্ধারিত স্থানে বাস পার্কিং না করে সড়কে যানজট সৃষ্টির অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ২টি বাসকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ​অভিযান চলাকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফার্মেসি মালিকদের অ্যান্টিবায়োটিক বিক্রির জন্য সঠিকভাবে রেজিস্টার সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের কঠোর নির্দেশনা দেন। একইসঙ্গে যেকোনো ধরনের অবৈধ, অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। ​অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম। দেবিদ্বার থানা পুলিশের একটি দল অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে। ​জনস্বাস্থ্য সুরক্ষা, ঔষধের গুণগত মান নিশ্চিতকরণ এবং সড়কে জনগণের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

Ad