ঢাকায় বাজিতপুরবাসীর মিলনমেলা, অনুষ্ঠিত হলো বাজিতপুর সমিতির সম্মেলন ২৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

  • প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১৮
  • আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১৮
1000293178

উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম

পারুল আক্তার :

রাজধানী ঢাকায় বসবাসরত কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বাজিতপুর সমিতি, ঢাকা’র সম্মেলন। দীর্ঘদিন পর নিজ এলাকার মানুষকে একসঙ্গে পেয়ে সম্মেলনটি পরিণত হয় এক মিলনমেলায়।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ঢাকায় বসবাসরত বাজিতপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী-বাজিতপুর আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রফিকুর রহমান এবং সদস্য সচিব ছিলেন ড. মো. ফজলে এলাহী ভূঁইয়া। তাঁদের নেতৃত্বে সম্মেলনের সার্বিক প্রস্তুতি ও আয়োজন সম্পন্ন হয়।

সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে ২৮ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এর মধ্য দিয়ে ঢাকায় বসবাসরত বাজিতপুরবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বক্তারা বাজিতপুরের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ঢাকায় বসবাসরত বাজিতপুরবাসীদের সুখে-দুঃখে পাশে থাকা এবং নতুন প্রজন্মের সঙ্গে নিজ এলাকার সম্পর্ক দৃঢ় করার প্রত্যাশাও উঠে আসে।

দীর্ঘদিন পর নিজ এলাকার পরিচিত মুখগুলোর সঙ্গে দেখা ও মতবিনিময়ের সুযোগ পেয়ে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। সব মিলিয়ে সম্মেলনটি ঢাকায় বসবাসরত বাজিতপুরবাসীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের এক মিলনমেলায় পরিণত হয়।

Ad