দাউদকান্দিতে তীব্র যানজটে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে বুধবার (৮ এপ্রিল) ভোর থেকেই অস্বাভাবিক যানজটের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। উপজেলার রাজারহাট থেকে গৌরীপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়, ফলে কার্যত থমকে পড়ে মহাসড়কের চলাচল। সূত্র জানায়, ভোর ৪টার পর থেকেই ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে শুরু করে। কিছু সময়ের মধ্যেই অতিরিক্ত যানবাহনের চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। এতে দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ দীর্ঘ সময় আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, যানবাহনের অতিরিক্ত চাপের পাশাপাশি অনেক চালকের অনিয়মিত ও বিশৃঙ্খলভাবে গাড়ি চালানোই এই সংকটের প্রধান কারণ। তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন। এদিকে স্থানীয়দের অভিযোগ, সকালে দায়িত্ব শেষে হাইওয়ে পুলিশের উপস্থিতি কমে গেলে কিছু অসচেতন চালক নিয়ম অমান্য করে উল্টো লেনে গাড়ি চালাতে থাকেন। এতে যানজট আরও ঘনীভূত হয় এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়ে। ভুক্তভোগী যাত্রী ও চালকরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া যায়।



