মেলান্দহ থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী
মোঃ হাফিজুর রহমান হাফিজ জামালপুর :
জামালপুরের মেলান্দহ থানা পরিদর্শন করেছেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। মঙ্গলবার (১১ আগস্ট) তিনি মেলান্দহ থানায় পৌঁছালে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহবুবুল হক তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিন্নাতুন আরা। এছাড়া মেলান্দহ থানার সেকেন্ড অফিসার এসআই জ্যোতিময় চন্দ্র সরকার মিশুসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে জেলা প্রশাসক থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবার মান এবং পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, দ্রুততার সঙ্গে অভিযোগ গ্রহণ ও সেবা প্রদান এবং প্রশাসন-পুলিশের মধ্যে আরও কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, “জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও পুলিশের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষ যেন দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পান—এটাই আমাদের প্রধান লক্ষ্য।”মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুন আরা বলেন, “প্রশাসন ও পুলিশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করে মেলান্দহকে শান্তি, শৃঙ্খলা ও জনবান্ধব সেবার একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা একযোগে কাজ করছি।”মেলান্দহ থানার অফিসার ইনচার্জ এটিএম মাহবুবুল হক বলেন, “সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে মেলান্দহ থানা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে; জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান অঙ্গীকার।থানা পরিদর্শনকালে জেলা প্রশাসক পুলিশ কর্মকর্তাদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও জনসেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।এ সময় থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা জেলা প্রশাসককে স্বাগত জানান এবং স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও জনসেবার মান বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।



