দেবিদ্বারে ফসলি জমি রক্ষায় প্রশাসনের অভিযান, ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস
জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবিদ্বারে ফসলি জমি রক্ষায় অবৈধ ড্রেজার বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি মাটি কাটার ড্রেজার ও প্রায় ১ হাজার ফুট পাইপ গুড়িয়ে দিয়ে তা বিনষ্ট করা হয়। ৮ জুলাই (বুধবার) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর (পূর্বপাড়া) এলাকায় এই অভিযান পরিচালিত হয়। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, রাঘবপুর এলাকার একটি চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কেটে আসছিল। এতে হুমকিতে পড়ছিল আশেপাশের বিস্তীর্ণ ফসলি জমি। এমন একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে উপজেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় আকস্মিক অভিযান চালায়। অভিযান চলাকালে মাটি কাটায় ব্যবহৃত একটি অবৈধ ড্রেজার মেশিন ও মাটির সরবরাহের কাজে ব্যবহৃত প্রায় ১ হাজার ফুট প্লাস্টিকের পাইপ ভেঙে বিনষ্ট করে দেওয়া হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনার সাথে জড়িতরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফসলি জমি দেশের সম্পদ। কোনোভাবেই কৃষি জমি নষ্ট করে অবৈধ বালু বা মাটি তুলতে দেওয়া হবে না। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজার বাণিজ্যের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কঠোর ও উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

