ড্রেজার দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর পরও বালু উত্তোলন অব্যাহত, প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন

  • প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৬:৫১
  • আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৬:৫১
WhatsApp Image 2026-09-12 at 4.54.10 PM

শাহাদুর রহমান সুজন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মানিকগঞ্জের হরিরামপুরে লেছড়াগঞ্জ বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই ড্রেজার উল্টে জুলহাস নামের এক কর্মচারী নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। একই সঙ্গে সীমানার বাইরে বালু উত্তোলনের অভিযোগও থামেনি। এতে প্রশাসনের নজরদারি ও কার্যকর ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।গত বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার আজিমনগর এলাকায় পদ্মা নদীর মাঝখানে বালু উত্তোলনের সময় একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় লোড ড্রেজারটি উল্টে যায়। এ সময় ড্রেজারে থাকা কর্মচারী জুলহাস নদীতে পড়ে নিখোঁজ হন। স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চললেও তিন দিনেও তার সন্ধান পাওয়া যায়নি।নিখোঁজ জুলহাস মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর গ্রামের আব্দুস সামাদ মুন্সির ছেলে। তার বড় ভাই রউফ মিয়া জানান, লেছড়াগঞ্জ বালুমহালের ইজারাদার বিল্লাল খানের বালুমহালে কাজ করতে গিয়ে তার ভাই নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় হরিরামপুর থানায় জিডি করা হয়েছে।স্থানীয়দের অভিযোগ, বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে ড্রেজার বসিয়ে বেপরোয়া বালু উত্তোলনের কারণেই দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। অনিয়ন্ত্রিত উত্তোলনে নদীভাঙনও তীব্র হচ্ছে। অথচ অভিযোগের পর অভিযোগ উঠলেও দৃশ্যমান কঠোর অভিযান না থাকায় প্রশ্ন উঠেছে—কার ছত্রছায়ায় চলছে এই বালু উত্তোলন?এদিকে স্বজনদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে, আর নদীতে বালু উত্তোলনের অভিযোগও অব্যাহত রয়েছে। স্থানীয়দের প্রশ্ন—আর কত অভিযোগ, কত দুর্ঘটনা কিংবা কত প্রাণহানির পর প্রশাসনের টনক নড়বে? তারা অবিলম্বে নিখোঁজ জুলহাসকে উদ্ধারে জোরালো অভিযান, দুর্ঘটনার কারণ তদন্ত এবং সীমানার বাইরে বালু উত্তোলন সম্পূর্ণ বন্ধে কঠোর পদক্ষেপ দাবি করেছেন।নৌ পুলিশ জানিয়েছে, বালুমহালের সীমানা নির্ধারণ ও ব্যবস্থা নেওয়া উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি)-এর আওতাধীন। উনারা যদি আমাকে বলে তাহলে আমি ব্যবস্থা নেব ।

ইজারাদার বিল্লাল খানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। জেলা প্রশাসক শারমিন সুলতানা বলেন, সীমানার বাইরে বালু উত্তোলনের কোনো বিধান নেই; অবৈধ উত্তোলন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Ad