ফরিদপুরে র্যাবের অভিযানে ২৬ লাখ টাকার স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আহমেদ জ্যাক, ফরিদপুর:
ফরিদপুর সদর উপজেলার কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার করা হয় ৮৮০ বোতল স্কাফ সিরাপ, যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৪০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ এবং সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের বাসিন্দা মো. রানা গাজীকে গ্রেপ্তার করা হয়।র্যাব-১০ জানিয়েছে, রানা গাজী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। এছাড়া তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি।
উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে থানায় হস্তান্তর করা হবে।র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


