দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও মিল্টন দস্তিদার, সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত

  • প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৫:২৭
  • আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৫:২৭
WhatsApp Image 2026-09-09 at 5.25.51 PM

বশির আহাম্মদ বান্দরবান জেলা প্রতিনিধি  

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।অফিস আদেশ সূত্রে জানা যায়, মিল্টন দস্তিদার বান্দরবান সদরে কর্মরত থাকলেও পূর্বে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পিআইও হিসেবে দায়িত্বে ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত থাকা অবস্থায় তার বিরুদ্ধে চাঁদপুরে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে দুদক মামলা দায়ের করে। উক্ত মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে, বিজ্ঞ আদালতের নির্দেশে গত ২৩ জুলাই থেকে তিনি চাঁদপুর জেলা কারাগারে আটক রয়েছেন সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী, কারাগারে আটক থাকার কারণে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে বিধি মোতাবেক তিনি কেবল খোরপোষ ভাতা পাবেন। এছাড়া মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি বর্তমান পদে বা অন্য কোনো সরকারি কর্মস্থলে যোগদান করতে পারবেন না।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামণি জানান, পিআইও মিল্টন দস্তিদার কারাগারে থাকায় অধিদপ্তর তাকে সাময়িক বরখাস্ত করেছে এবং সে অনুযায়ী উপজেলা প্রশাসন তার যাবতীয় কার্যক্রম স্থগিত করেছে। প্রশাসনিক কাজ সচল রাখতে উক্ত পদে ইতোমধ্যে নতুন একজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।উল্লেখ্য, বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলায় পিআইও হিসেবে দায়িত্ব পালনকালেও মিল্টন দস্তিদারের বিরুদ্ধে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

Ad