ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী-এর ঈদ শুভেচ্ছা বার্তা :

  • প্রকাশ: ২৭ মে ২০২৬, দুপুর ০৩:১০
  • আপডেট: ২৭ মে ২০২৬, দুপুর ০৩:১০
1000202979

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।


প্রিয় দেশবাসী,

আত্মত্যাগের অবিস্মরণীয় নিদর্শন নিয়ে প্রতি বছর আমাদের মাঝে আসে পবিত্র ঈদুল আজহা। মুসলিম জাতির পিতা হযরত ইবরাহিম আ. এর মহান আত্মত্যাগের চিরস্মরণীয় ঘটনার প্রেক্ষাপটে মহান আল্লাহ তায়ালার নির্দেশে মুসলিম উম্মাহ ঈদুল আজহার দিনে কোরবানী আদায় করে থাকে। মহান রবের প্রতি বান্দার নিঃস্বার্থ আত্মসমর্পণ, ত্যাগ ও আনুগত্যের অনন্য দৃষ্টান্ত হচ্ছে এই কোরবানী।


ঈদুল আজহা আমাদেরকে ত্যাগ, বিনয়, তাকওয়া ও মানবতার শিক্ষা দেয়। হযরত ইবরাহিম আ. -এর আত্মত্যাগের দীক্ষায় বলীয়ান হয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সকল অন্যায়, অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে নৈতিক ও আদর্শিক অবস্থান গ্রহণ করতে হবে। পাশাপাশি উম্মাহ ও মানবতার কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করতে হবে।


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীর ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসাথে সকলের প্রতি অনুরোধ থাকবে, কেউ যেন ঝুঁকিপূর্ণ ও অসচেতনভাবে যাতায়াত না করেন।


ঈদের আনন্দে সমাজের গরিব, অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষদের শামিল করতে স্বাবলম্বীদের এগিয়ে আসতে হবে। কারণ, আনন্দ ভাগাভাগির মাঝেই ঈদের প্রকৃত সৌন্দর্য নিহিত।


আমাদের প্রবাসী ভাইয়েরাও পরিবারের সুখ-স্বাচ্ছন্দ্য ও দেশের অর্থনীতির জন্য নীরবে যে ত্যাগ স্বীকার করছেন, এই ঈদে তাদের অবদান গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। পাশাপাশি ছাত্র সমাজের প্রতি আহ্বান থাকবে— ঈদের শিক্ষা ধারণ করে নিজেদেরকে আদর্শবান, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।


একইসাথে আমরা গভীরভাবে স্মরণ করছি ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত ও নিপীড়িত মুসলমানদের। মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি, তিনি যেন মজলুম মুসলিমদের হেফাজত করেন এবং তাদেরকে শান্তি ও নিরাপত্তা দান করেন।

পরিশেষে সংগঠনের সাবেক-বর্তমান সকল নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, প্রিয় ছাত্রসমাজ এবং দেশের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।

Ad