ঈদগাঁওয়ে বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত মা-শিশুসহ ২

  • প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, রাত ০৮:১৪
  • আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, রাত ০৮:১৪
1000298701

এম.হাসান, কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আহতদের মধ্যে এক মা ও তাঁর শিশুসন্তান রয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে চকরিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশার তিন যাত্রী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।


দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত দুজনকে উদ্ধার করেন। পরে তাঁদের আশঙ্কাজনক অবস্থায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।


ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মজুমদার দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে।


এদিকে দুর্ঘটনার কারণে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।



Ad