ইজিবাইকের মনোগ্রাম নবায়নসহ মিশুকের পৃথক মনোগ্রামের দাবি
রকি হাসান স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ শহরে ইজিবাইকের পৌর মনোগ্রাম দীর্ঘদিন ধরে নবায়ন না হওয়া এবং মনোগ্রামবিহীন মিশুকের সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট ও পরিবহন ব্যবস্থাপনায় নানা জটিলতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছে কিশোরগঞ্জ পৌর ইজিবাইক মালিক সমিতি। এ অবস্থায় ইজিবাইকের পৌর মনোগ্রাম দ্রুত নবায়নএবং মিশুকের জন্য পৃথক মনোগ্রাম চালুর দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেন।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৬-১৭ অর্থবছরে কিশোরগঞ্জ পৌরসভা থেকে ইজিবাইকের জন্য মনোগ্রাম দেওয়া হয়। পরবর্তীতে ২০২০-২১ অর্থবছরে সেটি নবায়ন করা হলেও এরপর আর মনোগ্রাম নবায়ন করা হয়নি। বিষয়টি সমাধানের জন্য গত বছরের ২৬ অক্টোবর পৌর প্রশাসকের কাছে আবেদন করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন সমিতির নেতারা।তাদের দাবি, মনোগ্রাম নবায়নের জন্য ইজিবাইক মালিকদের আগ্রহ থাকা সত্ত্বেও কোনো পূর্ব নোটিশ ছাড়াই গত ২৭ সেপ্টেম্বর পৌর কর্তৃপক্ষের নির্দেশে নতুন করে ইজিবাইক নিবন্ধনের জন্য মাইকিং করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে মনোগ্রাম নবায়নের অপেক্ষায় থাকা মালিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
এদিকে শহরে অনুমোদনহীন ও মনোগ্রামবিহীন মিশুকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যানজট ও পরিবহন ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা বাড়ছে বলে অভিযোগ করেছে সমিতি। এসব যানবাহনের জন্য সুনির্দিষ্ট মনোগ্রাম না থাকায় যানবাহন নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় সমস্যার সৃষ্টি হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।স্মারকলিপিতে আরও বলা হয়, যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সমিতির ২২ জন স্বেচ্ছাসেবক নিয়মিত দায়িত্ব পালন করছেন।সমিতির নেতৃবৃন্দ দ্রুত ইজিবাইকের পৌর মনোগ্রাম নবায়ন, মিশুকের জন্য পৃথক মনোগ্রাম চালু এবং শহরের যানজট ও পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেন।স্মারকলিপির সঙ্গে পৌর প্রশাসক বরাবর পূর্বে দেওয়া আবেদনের কপি এবং আইনশৃঙ্খলা কমিটির রেজুলেশনের অনুলিপিও জমা দেওয়া হয়।এ সময় কিশোরগঞ্জ পৌর অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মহিলা সদস্য রহিমা খাতুন, উপদেষ্টা মো. আনোয়ার হোসেন, মহি উদ্দিন লিটনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



