দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, জরিমানা ১০ লাখ টাকা

  • প্রকাশ: ১৩ মে ২০২৬, দুপুর ০৪:০১
  • আপডেট: ১৩ মে ২০২৬, দুপুর ০৪:০১
WhatsApp Image 2026-05-13 at 3.57.19 PM

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার পান্নারপুল এলাকায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে এইচবিসি (HBC) ও একতা নামে দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাশের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে র‌্যাব-১১, ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ সদস্যরা অংশ নেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়াই ইটভাটাগুলো পরিচালিত হয়ে আসছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং প্রশাসনের নজরদারির ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয় এবং ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাশ বলেন, “পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে পরিচালিত কোনো ইটভাটাকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ ইটভাটার কারণে দীর্ঘদিন ধরে এলাকার কৃষিজমি, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল।

Ad