ফরিদপুরে ডা. হীরালাল বিশ্বাস মেমোরিয়াল অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৩:৫৪
  • আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৩:৫৪
1000266443

জাকিব আহমেদ জ্যাক, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে বিশিষ্ট ব্যক্তিত্ব ও চিকিৎসাসেবায় অবদানের স্মরণে ‘ডা. হীরালাল বিশ্বাস মেমোরিয়াল অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান ও স্মৃতিচারণমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ডিএমএসএস পরীক্ষায় উত্তীর্ণ চার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে তাদের প্রত্যেককে নগদ অর্থ দিয়ে উৎসাহিত করা হয়।


শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফরিদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


ফরিদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং ডা. অর্জুন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. শিবেন্দ্র শেখর সিকদার, ফরিদপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. বিমল কুমার বিশ্বাস এবং সরকারি ইয়াছিন কলেজের প্রাক্তন অধ্যক্ষ আলতাফ হোসেন।



স্মৃতিচারণ পর্বে ডা. হীরালাল বিশ্বাসের কর্মময় জীবন, চিকিৎসাক্ষেত্রে অবদান এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। বক্তারা তাঁর আদর্শ ও অবদানকে স্মরণ করে নতুন প্রজন্মকে মানবসেবায় এগিয়ে আসার আহ্বান জানান।


আয়োজকরা জানান, ডা. হীরালাল বিশ্বাসের স্মৃতি ও কর্মময় জীবনকে স্মরণীয় করে রাখা এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ মেমোরিয়াল অ্যাওয়ার্ড ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডা. হীরালাল বিশ্বাস মেমোরিয়াল অ্যাওয়ার্ড এর প্রধান পৃষ্ঠপোষক কৃষ্ণ প্রসাদ বিশ্বাস।

Ad