মানিকগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত

  • প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, রাত ০৯:৫৭
  • আপডেট: ১৬ আগস্ট ২০২৬, রাত ০৯:৫৭
1000258144

শাহাদুর রহমান সুজন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ

নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে। আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।


রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মন্ত্রীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন মন্ত্রী।



মাছের পোনা অবমুক্তকরণ শেষে মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে বর্তমান সরকারের বিভিন্ন যুগান্তকারী উদ্যোগের কথা তুলে ধরেন মন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, “মৎস্য খাত দেশের অর্থনীতির একটি শক্তিশালী ভিত্তি। এই সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং উৎপাদন বাড়াতে সরকার বদ্ধপরিকর।”


অনুষ্ঠানে বক্তারা দেশের অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, পুষ্টির চাহিদা পূরণে মাছের উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। জলজ সম্পদের সুরক্ষা এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তারা।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পাবলিক প্রসিকিউটর (পিপি) নূরতাজ আলম বাহারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ।


দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রী মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

Ad