মাদারগঞ্জ ট্রান্সফরমার চুরির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৫

  • প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৮:২৪
  • আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৮:২৪
Haf

 হাফিজুর রহমান হাফিজ  ‍ঃ


জামালপুরের মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে এক রাজনৈতিক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামও জব্দ করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার বালিজুড়ী ইউনিয়নের নাদাগাড়ী এলাকার অবিনূর, সেলিম, সুমন ও সুমন ওরফে নুরু মিয়া। অপর আসামি রাসেল মিয়া গাবেরগ্রাম এলাকার বাসিন্দা এবং মাদারগঞ্জ পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। দলীয় নেতার গ্রেপ্তারের বিষয়ে মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন জানান- কোনো ব্যক্তির অপকর্মের দায় সংগঠন বহন করবে না। তদন্তে অপরাধ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে দ্রুত কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ ও স্থানীয়রা জানান- গত দুই মাসে মাদারগঞ্জের বিভিন্ন ইউনিয়নে ২৬টিরও বেশি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এতে সাধারণ গ্রাহক ও কৃষকেরা চরম ভোগান্তিতে পড়েন। এসব ঘটনায় মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে পুলিশ তদন্তে নেমে এই চক্রটিকে চিহ্নিত করে।মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীস রায় জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে চুরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই চোর চক্রের মূল হোতাদের খুঁজে বের করতে আসামিদের আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

Ad