গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন সিকদার
হেলনা বেগম, জেলা প্রতিনিধি:
আসন্ন গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ দেলোয়ার হোসেন সিকদার। তিনি গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক। পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মোঃ দেলোয়ার হোসেন সিকদার বলেন, গাজীপুর সদর উপজেলা দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। অতীতে উপজেলা পরিষদে জনপ্রতিনিধি থাকলেও জনস্বার্থে দৃশ্যমান তেমন কোনো উন্নয়ন হয়নি। একটি গুরুত্বপূর্ণ এলাকার এমন বেহাল দশা সাধারণ মানুষের প্রত্যাশা নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। মানুষের কল্যাণে পাশে থাকার লক্ষ্য নিয়ে তিনি নিয়মিত সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
স্থানীয়দের মতে, দেলোয়ার হোসেন সিকদার একজন সৎ, কর্মঠ ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
নির্বাচন ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে মোঃ দেলোয়ার হোসেন সিকদার বলেন, জনগণের ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, সামাজিক কল্যাণ এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে চান। সবসময় মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করে তিনি গাজীপুর সদর উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।



.webp)