দেবিদ্বারে জমি দখলকে কেন্দ্র করে গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখম, থানায় অভিযোগ

  • প্রকাশ: ০২ জুন ২০২৬, বিকাল ০৬:০৩
  • আপডেট: ০২ জুন ২০২৬, বিকাল ০৬:০৩
WhatsApp Image 2026-06-02 at 4.19.57 PM

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে স্বামীর পৈত্রিক সম্পত্তি জবরদখল ও তা উদ্ধার করতে গিয়ে এক গৃহবধূকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ভাসুর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। গত ১ জুন (সোমবার) সকাল ৯টার দিকে দেবিদ্বার উপজেলার সুবিল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোসাঃ আমেনা বেগম (৩০) বাদী হয়ে দেবিদ্বার থানায় ৬ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ​অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুবিল গ্রামের মোসাঃ আমেনা বেগমের শ্বশুর জীবিত থাকাকালীন বিগত ২৫/০৭/২০১০ইং তারিখে (দলিল নং- ৬৫৮৩) সুবিল মৌজার ৩ শতক বসত ভূমি তার স্বামী মোঃ ওয়াসিম ওরফে ফিরোজের নামে রেজিস্ট্রি করে দেন। দলিল সম্পাদনের পর থেকেই আমেনা বেগমের আপন ভাসুর মোঃ মানিক (৫০) ও তার পরিবারের সদস্যরা উক্ত সম্পত্তি জোরপূর্বক জবরদখল করে রাখেন। জমি ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার তাগিদ দেওয়া হলেও বিবাদীরা তা অমান্য করে উল্টো প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও বিবাদীরা কোনো আইন-কানুন বা সামাজিক ফায়সালা মানেননি। ​ঘটনার দিন সকালে ভুক্তভোগী আমেনা বেগম উক্ত জমিতে তার নিজের রোপণ করা সবজি বাগান পরিচর্যা করতে গেলে পূর্ব শত্রুতার জেরে ভাসুর মোঃ মানিক, তার ছেলে রুবেল ও ফারুক, স্ত্রী রানু বেগম এবং পুত্রবধূ রাবেয়া ও ফাতেমা আক্তার দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে তার ওপর আক্রমণ চালায়। এসময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ও নীলাফুলা জখম করা হয়। পরবর্তীতে উক্ত সম্পত্তিতে পুনরায় গেলে তাকে ও তার পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। ​এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান বাদী আমেনা বেগম। বর্তমানে বিবাদীদের ক্রমাগত হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারটি। উক্ত জমিতে পুনরায় যাতায়াত করলে উভয় পক্ষের মধ্যে খুন-জখম সহ চরম শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা করা হচ্ছে। ​ভুক্তভোগী আমেনা বেগম বলেন, আমাদের সম্পত্তি জোর করে দখল করে রাখা হয়েছে। নিজের রোপণ করা সবজি দেখতে গেলে তারা আমাকে অমানুষিকভাবে পিটিয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি। ​এ ব্যাপারে দেবিদ্বার থানা পুলিশ জানায়, অভিযোগটি প্রাপ্তি সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad