গাজীপুরে সড়ক সংস্কার কাজে স্থবিরতা ব্যবসায়ী ও পথচারীদের দুর্ভোগে মানববন্ধন
ফাতেমা আক্তার,স্টাফ রিপোর্টার
গাজীপুরে সড়ক ও ড্রেন সংস্কার কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ব্যবসায়ী ও পথচারীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এর প্রতিবাদে ও দ্রুত ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় পুরাতন সুরমা হোটেলের সামনে “চান্দনা চৌরাস্তা ব্যবসায়ী বৃন্দ” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন মফিজ লাইব্রেরির স্বত্বাধিকারী হাজী মো. সালাহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী রাজু মোল্লা, আজমল হোসেন, ফিরোজ আহমেদ, আলী আকবর, নজরুল ইসলাম, মোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম ও আশরাফুল আলমসহ অনেকে।বক্তারা অভিযোগ করেন, গাজীপুর সিটি কর্পোরেশন প্রায় চার মাস আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পথচারীদের চলাচলের রাস্তা ভেকু দিয়ে খনন করে ড্রেন নির্মাণের কাজ শুরু করলেও তা এখনো সম্পন্ন করেনি। প্রায় এক হাজার ফুট রাস্তা খনন করে ফেলে রাখায় পাঁচ থেকে ছয় ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। এতে প্রতিদিনই পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন—কেউ হাত-পা ভেঙে পঙ্গু হচ্ছেন, কেউ আহত হচ্ছেন।ব্যবসায়ীরা আরও বলেন, রাস্তার এই বেহাল অবস্থার কারণে তাদের দোকানে ক্রেতা আসা কমে গেছে, ফলে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারা দ্রুত রাস্তা ও ড্রেন সংস্কারের দাবি জানান।স্থানীয়রা জানান, মে মাসের শেষ দিক থেকে শুরু হওয়া এ কাজের অর্ধেকও এখনো সম্পন্ন হয়নি। এতে চান্দনা চৌরাস্তা এলাকায় যানজট ও জনদুর্ভোগ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।ব্যবসায়ীরা হুঁশিয়ারি দেন, দ্রুত সংস্কার কাজ শেষ না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।


