বুড়িচংয়ে ইসলামী ব্যাংকের আমানত রক্ষা ও চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন
জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:
লুটপাটকারীদের হাত থেকে গ্রাহকদের আমানত রক্ষা, অবৈধ চেয়ারম্যানের অপসারণ এবং এস আলমসহ ফ্যাসিবাদের দোসরদের বয়কটের দাবিতে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লার বুড়িচং। গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া বৈষম্যমূলক নীতিমালার প্রতিবাদে সোমবার (৮ জুন) সকালে উপজেলার বসুন্ধরা চত্বরে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’। এ সময় ব্যাংকের সাধারণ গ্রাহক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা ব্যানার-ফেস্টুন হাতে আন্দোলনে শামিল হন। আন্দোলনের অংশ হিসেবে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি এক ঘণ্টার প্রতীকী কলম বিরতি পালনের আহ্বানও জানানো হয়। সংগঠনের সভাপতি মাওলানা জাকারিয়া খানের সভাপতিত্বে এবং হাফেজ মাসুদ মৈশানের পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ মো. নুরুজ্জামান, মাওলানা মো. আব্দুর রউফ, মাওলানা মো. ওমর ফারুক, মাস্টার মো. মনিরুল ইসলাম, মাওলানা ওমর ফারুক সোহেল, অধ্যাপক মো. আসাদুজ্জামান, মো. সোলেমান পাটোয়ারী ও মো. শরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাধারণ মানুষের রক্তঘামে অর্জিত আমানত নিয়ে কোনো ধরনের ছিনিমিনি বরদাশত করা হবে না। ব্যাংক পরিচালনায় অবিলম্বে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তারা বর্তমান অবৈধ চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন এবং গ্রাহকস্বার্থ বিরোধী সব ধরণের কালো সিদ্ধান্ত বাতিলের জোর দাবি জানান। একই সঙ্গে বক্তারা বিতর্কিত ব্যবসায়ী এস আলমসহ আর্থিক খাতের সব লুটেরাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার এবং ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে পাচার হওয়া হাজার হাজার কোটি টাকা দ্রুত উদ্ধার করার তাগিদ দেন। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ এসব দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।



