আশুলিয়ায় ভণ্ড কবিরাজের প্রতারণা: স্বর্ণ ও নগদ অর্থ লুট, অচেতন অবস্থায় উদ্ধার দম্পতি

  • প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, বিকাল ০৭:১৯
  • আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, বিকাল ০৭:১৯
আশুলিয়ায় ভণ্ড কবিরাজের প্রতারণা

আলমাস হোসাইন | স্টাফ রিপোর্টার 

ঢাকার আশুলিয়ায় ভণ্ড এক কবিরাজের প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়ে পড়েছে একটি অসহায় পরিবার। ধনী বানানোর প্রলোভন দেখিয়ে স্বর্ণালঙ্কার ও বিপুল পরিমাণ নগদ অর্থ হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে প্রতারক। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ভুক্তভোগীরা হলেন আশুলিয়ার গাজিরচট মধ্যপাড়া মাটির মসজিদ কোদালদোয়া এলাকার বাসিন্দা আসাদুল্লাহ (৬০) এবং তার স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে এক কথিত কবিরাজ তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং বিভিন্ন অলৌকিক ক্ষমতার কথা বলে তাদের আস্থা অর্জন করে।একপর্যায়ে ওই প্রতারক দম্পতিকে ধনী হওয়ার প্রলোভন দেখিয়ে জানায়, নির্দিষ্ট কিছু নিয়ম মেনে স্বর্ণ ও টাকা নিয়ে তার কাছে গেলে তা দ্বিগুণ করে দেওয়া হবে। এমন প্রলোভনে বিশ্বাস স্থাপন করে দম্পতি প্রায় সাত ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে নির্ধারিত স্থানে উপস্থিত হন।অভিযোগ রয়েছে, সেখানে পৌঁছানোর পর কৌশলে তাদের অচেতন করে একটি কক্ষে আটকে রাখা হয়। পরে সুযোগ বুঝে প্রতারক সব স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। দীর্ঘ সময় ধরে কোনো সাড়া না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে এবং একপর্যায়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে।ঘটনাটি আশুলিয়ার দক্ষিণ গাজিরচট মাটির মসজিদ এলাকার আলাউদ্দিন ফকিরের বাড়িতে সংঘটিত হয়েছে বলে জানা গেছে।এ ঘটনার পর স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রতারকের গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত পরিবারের হারানো সম্পদ উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।সচেতন মহল বলছে, এ ধরনের ভণ্ড কবিরাজ ও প্রতারকদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ অত্যন্ত জরুরি, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবার এ ধরনের প্রতারণার শিকার না হয়।

Ad