সালথায় এসএসসির ফলে মেয়েদের আধিপত্য, জিপিএ-৫ পেলেন ২০ জন—ছেলে মাত্র ৩
আবুল কাশেম,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। শুধু পাসের হারেই নয়, জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েদের আধিপত্য দেখা গেছে। উপজেলায় মোট ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও তাদের মধ্যে ছেলে মাত্র তিনজন।
শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক প্রেক্ষাপট, অতিরিক্ত মোবাইল আসক্তি, অনলাইন জুয়া, মাদক ও কিশোর গ্যাংসহ নানা কারণে ছেলেরা পড়াশোনায় পিছিয়ে পড়ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে জান্নাতুল মাওয়া জিপিএ-৫ পেয়েছে। সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় থেকে হুমাইরা ইসলাম ও লামিয়া আক্তার, বিভাগদী উচ্চ বিদ্যালয় থেকে জাকিয়া বিনতে জাহিদ এবং জয়ঝাপ উচ্চ বিদ্যালয় থেকে সারা মিলা ও ফারিহা তাবাচ্ছুম জিপিএ-৫ পেয়েছে।
এ ছাড়া কাগদি মুরুটিয়া বিদ্যালয় থেকে মৌ রায় শশী এবং বড়খারদিয়া উচ্চ বিদ্যালয় থেকে সর্বাধিক পাঁচজন জিপিএ-৫ পেয়েছে। তারা হলেন-সৈয়দা সামিয়া ইসলাম, মোসা. সাদিয়া খানম, সৈয়দা মেজবা ও সামিয়া খানম।
সমমান পরীক্ষায় ভাবুকদিয়া ঠেনঠেনিয়া ফাজিল মাদ্রাসা থেকে তাহমিদা সুলতানা ও হাবিবা এবং সালথা দাখিল মাদ্রাসা থেকে আমিরুল ইসলাম জিপিএ-৫ পেয়েছে।
সালথা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকেও পাঁচজন জিপিএ-৫ পেয়েছে। তারা হলেন-মারিয়া মোহনা, শ্রাবণী বিশ্বাস, লামিয়া ইসলাম, মোসা. ছাবিনা ও ইদ্রজিত শীল।
এবার উপজেলায় মোট পাসের হার ছিল প্রায় ৬০ শতাংশ। পাসের হারে এগিয়ে রয়েছে সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির পাসের হার ৭৭ দশমিক ২৭ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম পাসের হার পশ্চিম বিভাগদী আব্বাসিয়া দাখিল মাদ্রাসায়। প্রতিষ্ঠানটির পাসের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ।



