টাঙ্গাইলে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন
সুলতান কবির :
টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে রোববার (১৬ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক।অনুষ্ঠানের শুরুতে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। পরে সদর উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন জেলা প্রশাসক শরিফা হক।র্যালি ও পোনা মাছ অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো.শামসুল আলম সরকার, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের পুষ্টি ও অর্থনীতিতে মৎস্যসম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের সঠিক ব্যবহার এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।এ সময় বক্তারা অবৈধভাবে মাছ শিকার বন্ধ, জলাশয় ও প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষা এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সংশ্লিষ্টদর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



