কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৯০ লাখ টাকার বেশি। শনিবার (৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম। তিনি জানান, সীমান্তে চোরাচালান রোধে মহাপরিচালকের নির্দেশনায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ প্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকালে একাধিক স্থানে অভিযান চালানো হয়। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি, আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা বিওপির টহল দল আলাদা অভিযানে অংশ নেয়। অভিযানকালে একটি পিকআপসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের মধ্যে ছিল জিরা, মেহেদি, বিভিন্ন ধরনের প্রসাধনী, শাড়ি, বাসমতী চাল, সাবান, ফুচকা, আতশবাজি এবং নানা ধরনের ওষুধ। বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত পণ্যের মোট মূল্য ধরা হয়েছে ১ কোটি ৯০ লাখ ৬৬ হাজার ৭০ টাকা। এসব মালামাল প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।



