আহত জুলাই যোদ্ধা বশিরের সংবাদ সম্মেলন, দাবি বাস্তবায়নের আহ্বান
পারুল আক্তার :
জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মো. বশির তার বিভিন্ন দাবি-দাওয়া ও বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। রাজধানীর কাফরুল থানাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ইউনিটের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে মো. বশির জুলাই গণঅভ্যুত্থানে আহত হওয়ার পর তার চিকিৎসা, পুনর্বাসন ও প্রাপ্য সুযোগ-সুবিধাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি আহত জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন এবং তাদের জন্য ঘোষিত সুযোগ-সুবিধা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের অনেকেই এখনো চিকিৎসা, পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফেরার ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। আহতদের সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।এ সময় তিনি তার দাবি-দাওয়া বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেন।সরকারি নীতিমালায় জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনের বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে; ২০২৬ সালে এ বিষয়ে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন আইন’ও প্রণীত হয়েছে।



