জামালগঞ্জে আভ্যন্তরীণ আমন ধান–চাল সংগ্রহ অভিযান উদ্বোধন
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় “গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ—ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন বেশি খুশি” এই প্রতিপাদ্য নিয়ে ২০২৫–২৬ অর্থবছরের আভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে উপজেলার সরকারি খাদ্য গুদামে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নয়াহালট গ্রামের কৃষক মো. সাহিবুর রহমান তালুকদার এক মেট্রিক টন ধান সরবরাহের মাধ্যমে সংগ্রহ কার্যক্রমের সূচনা করেন।
উপজেলা খাদ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি ৩৯ মেট্রিক টন ধান এবং মিল মালিকদের মাধ্যমে ৩২৭ মেট্রিক টন আতব চাল ও ৯০২ মেট্রিক টন সিদ্ধ চাল সরকারি নির্ধারিত মূল্য ও নীতিমালা অনুসারে ক্রয় করা হবে।
এ মৌসুমে প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা, আতব চাল ৪৯ টাকা এবং সিদ্ধ চাল প্রতি কেজি ৫০ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কায়সার আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার মো. সাব্বির সারোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হান্নান কামাল, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা আব্দুল আহাদ, প্রেসক্লাব সভাপতি মো. শাহীন আলম ও কৃষক প্রতিনিধি এমদাদ আফিন্দী প্রমুখ।


