ব্রাহ্মণপাড়ায় কুখ্যাত মাদক কারবারি ইসমাইল কারাগারে

  • প্রকাশ: ০২ মে ২০২৬, বিকাল ০৭:০৬
  • আপডেট: ০২ মে ২০২৬, বিকাল ০৭:০৬
WhatsApp Image 2026-05-02 at 5.12.44 PM

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইসমাইল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ২ মে (শনিবার) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ইসমাইল মাধবপুর ইউনিয়নের আব্দুল জলিলের ছেলে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সূত্র জানায়, তার বিরুদ্ধে পূর্ব থেকেই একটি জিআর (GR) ওয়ারেন্ট বিচারাধীন ছিল। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ইসমাইল ওই এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার কার্যক্রমে স্থানীয় তরুণ সমাজের একটি অংশ মাদকের ঝুঁকিতে পড়ছিল বলে অভিযোগ করেন এলাকাবাসী। সাম্প্রতিক অভিযানে তাকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। ইসমাইলের গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা মাদকবিরোধী এমন অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন এবং বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এলাকাবাসীর প্রত্যাশা, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Ad