ঈশ্বরদীতে সংঘর্ষের জেরে জামায়াত নেতাদের বাড়িতে আগুন-লুটপাট, পরিদর্শনে শিবিরের সাবেক সভাপতি

  • প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, সকাল ০৬:০৯
  • আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, সকাল ০৬:০৯
1000299870

মোঃ মনিরুজ্জামান (মুন্না)‎জেলা প্রতিনিধি, পাবনা:

‎

‎পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও আওয়ামী লীগ বিরোধী মিছিলের প্রস্তুতিকালে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন গুলিবিদ্ধসহ সাত থেকে আটজন আহত হয়েছেন। এ ঘটনার জেরে রাতে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে আটটি মোটরসাইকেল ও পবিত্র কোরআন পুড়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

‎

‎মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শশুর বাড়ির ঘটনাস্থল পরিদর্শন করেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। এ সময় তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পরিবর্তন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

‎

‎মঞ্জুরুল ইসলাম অভিযোগ করে বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যুবদল ও বিএনপির লোকজন জামায়াত নেতাদের বাড়িঘরে আগুন দিয়েছেন। ওসির নেতৃত্বে বিভিন্ন মোড়ে পাহারা বসিয়ে এসব অগ্নিসংযোগ করা হয়েছে। আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে টাকা নিয়ে ওসি তাঁদের সুরক্ষা দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

‎

‎তিনি আরও বলেন, হামলা ও অগ্নিসংযোগে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সরকারের পক্ষ থেকে তার ক্ষতিপূরণ দিতে হবে। থানার ওসিকে পরিবর্তন করতে হবে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।


এসময় পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি এসএম সোহেল ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎

‎সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় এসব ঘটনা ঘটে। সংঘর্ষ ও পরবর্তী হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‎

‎গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন -ঈশ্বরদী পৌর শহরের পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন এবং শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল ও মহিদুল ইসলাম। আহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

‎

‎স্থানীয় সূত্রে জানা গেছে, আহত পাঁচজনই গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

‎

‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বহিষ্কৃত জাকারিয়া পিন্টুর সমর্থকদের সঙ্গে নদীপথের আলোচিত কাঁকন বাহিনীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ছাড়া বালুর ব্যবসা নিয়ে জাকারিয়া পিন্টুর সমর্থকদের সঙ্গে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদেরও বিরোধ ছিল।

‎

‎এসব বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় আওয়ামী সমর্থিত কাঁকন বাহিনীর বিরুদ্ধে মিছিল বের করেন জাকারিয়া পিন্টুর ভাই ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসানের অনুসারী ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় কাঁকন বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন গুলিবিদ্ধসহ সাত থেকে আটজন আহত হন।

‎

‎জাকারিয়া পিন্টুর সমর্থকদের দাবি, সোমবার সন্ধ্যায় তারা এলাকায় আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কাঁকন বাহিনীর সদস্য ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে তাদের কয়েকজন গুলিবিদ্ধ হন।

‎

‎অন্যদিকে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ, জাকারিয়া পিন্টুর সমর্থক ও তার ভাই মেহেদী হাসান সন্ত্রাসী বাহিনী এনে পূর্বপরিকল্পিতভাবে এলাকায় এসে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। সন্ধ্যার ঘটনার পর রাতে তাঁরা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, ছমির মেম্বার, নুরুল আলম ও নুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। একপর্যায়ে বাড়িতে থাকা আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বাড়িতে থাকা কয়েকটি পবিত্র কোরআনও পুড়ে যায় বলে অভিযোগ করেন তাঁরা।

‎

‎সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে।রা অত্যন্ত চতুরতার সঙ্গে এ ধরনের বর্বরোচিত ও ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

‎

‎পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান বলেন, ‘জাকারিয়া পিন্টুর ভাই মেহেদীর নেতৃত্বে আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়ে স্বর্ণালংকারসহ সবকিছু লুটপাট করা হয়েছে। মেহেদীরা নিজেদের এমন ক্ষমতাধর মনে করেন যে এলাকায় তাদের বাইরে কেউ চলতে পারবে না। তাদের চাঁদা দিতে হবে। 


তিনি আরও বলেন, তাদের নেতৃত্বে কয়েক দিন আগেও একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ওসি সেই মামলাও নেননি। পরিবারটি এখন অসহায় অবস্থায় ঘুরছে। মেহেদীদের কাজই চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালানো। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

‎

‎অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানকে কল দিলে রিসিভ করেননি। ম্যাসেজ পাঠিয়েও উত্তর পাওয়া যায়নি। 

‎

‎এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Ad