২৮শে অক্টোবর লগি-বৈঠা তাণ্ডবের বিচার দাবিতে বাউফলে জামায়াতের বিক্ষোভ: “গণভোট ছাড়া জাতীয় নির্বাচন জনগণ মেনে নেবে না”—ড. মাসুদ

  • প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, বিকাল ০৭:৫৬
WhatsApp Image 2025-11-02 at 18.00.35_b1ad988e

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

২০০৬ সালের ২৮ অক্টোবরের নৃশংস লগি-বৈঠা তাণ্ডবে নিহতদের বিচার ও শাস্তির দাবিতে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা চত্বরে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

বাউফল উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাউফল সরকারি কলেজ রোডে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন,

“জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে হবে। গণভোট ছাড়া জনগণ জাতীয় নির্বাচন মেনে নেবে না। যারা গণভোটের বিরোধিতা করে, তারা জনগণের শত্রুতে পরিণত হবে।”

তিনি আরও বলেন,

“২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীরা শান্তিপূর্ণ সমাবেশে বর্বরোচিত হামলা চালিয়ে আমাদের ছয়জন ভাইকে শহীদ করেছে। আমরা ১২ ঘণ্টা হামলার মোকাবিলা করেছি, কিন্তু জামায়াতের আন্দোলন দমন করতে পারেনি। আল্লাহর রহমতে ও জনগণের ভালোবাসায় ২০২৬ সালের নির্বাচনে ইসলামের বিজয়ের মাধ্যমে আমরা শহীদদের রক্তের বদলা নেব।”

ড. মাসুদ শেখ হাসিনাকে অভিযুক্ত করে আরও বলেন,

“অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি করছি, শেখ হাসিনাকে হুকুমের আসামি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করতে হবে এবং ফাঁসির রায় কার্যকর করতে হবে।”

তিনি দৃপ্ত কণ্ঠে বলেন,

“লগি-বৈঠা, গুলি বা বোমা হামলা করে আমাদের আন্দোলন থামানো যাবে না। যারা বোমাকে ভয় পায় না, তারা নতুন কোনো চোখ রাঙানোকেও ভয় পায় না। বাউফলের জনগণ কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা দখলদারের কাছে মাথা নত করবে না।”

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন—

উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক মিয়া, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মু. আব্দুল গনি, মাওলানা মো. রফিকুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ কাজী আব্দুর দাইয়ান, কেন্দ্রীয় নেতা আতিকুল ইসলাম নজরুল, আরিফুর রহমান পলাশ, স্থানীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।

সমাবেশে ড. মাসুদ বলেন,

“গণতান্ত্রিক সৌন্দর্য ও সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছে বাউফল। গতকাল অন্য একটি রাজনৈতিক দলের কর্মসূচির প্রতি শ্রদ্ধা রেখে আমরা আজকে আমাদের কর্মসূচি পালন করছি। কেউ ভয় দেখালে জনগণ তা বরদাশত করবে না।”

তিনি এসময় নদীভাঙন প্রতিরোধ, বগা সেতু নির্মাণ, শিক্ষা সংস্কার, মাদক ও সন্ত্রাসমুক্ত আদর্শ বাউফল গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


Ad