যশোরাঞ্চলে বেড়েছে গাছীদের ব্যস্ততা: ১২০ কোটি টাকার অর্থনীতি ও ঐতিহ্যের হাতছানি, সংকটেও রয়েছে আশার আলো

  • প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ০১:৪৮
  • আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ০৪:২২
1000298358

জুবায়ের আহমে ,যশোর:

হেমন্তের কুয়াশাচ্ছন্ন ভোর আর হিমেল বাতাসে বাংলার গ্রামীণ জনপদে এখন শীতের আগমনী বার্তা। চারদিকে চলছে খেজুর গাছ ছাঁটাই, ডালা-দড়া গোছানো আর গাছিদের ব্যস্ত সময় পার করার চিত্র। ২০২৪ সালে ১৫ই ফেব্রুয়ারি জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর থেকেই দেশ ও দেশের গণ্ডি পেরিয়ে যশোরের খেজুর গুড়ের বাজার সম্প্রসারণের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। চলতি শীত মৌসুমে এই ঐতিহ্যবাহী খাত ঘিরে প্রায় ১২০ কোটি টাকারও বেশি অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বপ্ন দেখছেন সংশ্লিষ্ট চাষী, গাছি ও ব্যবসায়ীরা।

তবে সোনালী এই সম্ভাবনার পেছনের চিত্রটি সবসময় কুয়াশামুক্ত নয়। একদিকে নতুন গাছি তৈরি না হওয়া, গাছ নিধন এবং ইটভাটায় অবৈধ কাঠ পোড়ানোর ফলে অস্তিত্ব সংকটে পড়েছে এই শিল্প, অন্যদিকে হাড়ভাঙা পরিশ্রম করেও ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন পেশাদার গাছিরা।


শীতের পরশ পেতেই জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়ে গেছে জোর প্রস্তুতি। কোথাও চলছে খেজুর গাছের ডালপালা ছাঁটাই, কোথাও বসানো হচ্ছে রস সংগ্রহের নলি। আবার কেউ গাছে উঠে দিচ্ছেন প্রথম ‘চাচ’, কিংবা শান দিচ্ছেন গাছি দা-তে। জেলার প্রায় সাড়ে ছয় হাজার গাছি এখন চরম ব্যস্ততার মধ্য দিয়ে দিন পার করছেন। প্রথম চাছের পর আরও দুই দফা পরিচর্যা শেষে গাছে বসানো হবে মাটির ভাড় বা হাঁড়ি। এরপরই ফোঁটায় ফোঁটায় জমতে শুরু করবে অমৃততুল্য খেজুরের রস। আর সেই রস থেকেই তৈরি হবে যশোরের ঐতিহ্যবাহী গুড় ও পাটালি।


কৃষি বিভাগের তথ্য মতে, জেলার ৮টি উপজেলায় সব মিলিয়ে মোট ২২ লক্ষ ৫৯ হাজার ৭১১টি খেজুর গাছ রয়েছে। এর মধ্যে পূর্ণ বয়সের গাছ ৩,৪২,৬২৬টি, ৫-১০ বছরের গাছ ১২,১৩,৭১৩টি এবং ৫ বছরের কম বয়সের গাছ ৭,৪৫,৭১৪টি। বর্তমানে ৩,২৯,১৯৬টি গাছ থেকে রস সংগ্রহ করা হচ্ছে। রস সংগ্রহের কাজে সরাসরি যুক্ত গাছির সংখ্যা ৬,২৫০ জন এবং কৃষকের সংখ্যা ১৫,১৪৪ জন। জেলায় মোট ৫২ কোটি ৮৮ লাখ ৬৯ হাজার ৫৯৫ লিটার রস উৎপাদিত হয়েছে, যা থেকে মোট ৭,০৯০ মেট্রিক টন গুড় পাওয়া গেছে। উৎপাদিত এই গুড়ের মোট আর্থিক মূল্য প্রায় ১১১ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকা (যা অন্যান্য আনুষাঙ্গিক সহ ১২০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা)।

যশোর সদরে মোট গাছ ৪,৪০,১৭০টি ও ​রস সংগ্রহকারী গাছ ৫৯,৯২০টি রয়েছে। ​গুড় উৎপাদনে ৫২১ মেট্রিক টন যার বাজার মূল্য প্রায় ২০ কোটি ৮৪ লাখ টাকা।

​শার্শায় মোট গাছ ১,৫১,৫৮ ও রস সংগ্রহকারী গাছ ৩৫,৭১১টি রয়েছে। গুড় উৎপাদনে ৩৫৮ মেট্রিক টন যার মূল্য ১৩ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকা

​ ঝিকরগাছায় মোট গাছ ৬৩,১২৬টি ও ​রস সংগ্রহকারী গাছ ২১,৬৪৭টি। গুড় উৎপাদনে ২২৭ মেট্রিক টন যার মূল্য ১০ কোটি ৮ লাখ টাকা।

​চৌগাছায় মোট গাছ ১,৯৬,৬৫ ০টি ও ​রস সংগ্রহকারী গাছ ২৭,২৬ ০টি রয়েছে। ​গুড় উৎপাদনে ২৬০ মেট্রিক টন যার মূল্য ১০ কোটি ৪ লাখ টাকা।

​অভয়নগরে ​মোট গাছ ১,২৬,১৮৩টি ও ​রস সংগ্রহকারী গাছ: ২৮,৮৩৮টি রয়েছে । গুড় উৎপাদন ৩১৭ মেট্রিক টন যার মূল্য ১২ কোটি ৬৬ লাখ টাকা।

​বাঘারপাড়ায় মোট গাছ ১,০৭,২০৫টি ও ​রস সংগ্রহকারী গাছ ৫৫,৫২০টি রয়েছে। ​গুড় উৎপাদনে ৬১১ মেট্রিক টন যার মূল্য ২০ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা।

​ মণিরামপুরে মোট গাছ ১,৬১,২১৯টি ও রস সংগ্রহকারী গাছ ৬৪,৫২৫টি রয়েছে। গুড় উৎপাদন: ৫৮২ মেট্রিক টন যার মূল্য ২১ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকা।

​কেশবপুরে মোট গাছ ৮৯,০০০টি ও রস সংগ্রহকারী গাছ ২৩,৪০০টি রয়েছে। গুড় উৎপাদনে ২৩৪ মেট্রিক টন যার মূল্য: ৮ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা।


সম্ভাবনার আড়ালে গাছি ও পেশার অন্তহীন সংকটঃ​যশোরের এই ঐতিহ্যবাহী শিল্প লাভজনক ও সম্ভাবনাময় হলেও এর নেপথ্যে রয়েছে নানা সংকট ও বেদনাদায়ক গল্প। চার মাসের এই শীতকালীন মৌসুমে পেশাদার গাছিরা হাড়ভাঙা পরিশ্রম করলেও ন্যায্য প্রাপ্তি থেকে প্রায়শই বঞ্চিত হন।

যশোর মনিরামপুর উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাঙালিপুর গ্রামের বয়োজ্যেষ্ঠ গাছি আতিয়ার রহমান বলেন, আমি ভ্যান গাড়ি চালাই। প্রতি এই মৌসুমের জন্যই আমরা খুব অপেক্ষায় থাকি। আশ্বিন মাসে দা, দড়া, তাড়া বাইন দৌড়ি এইগুলো আমরা গোছাই।তারপরে আমরা এই কার্তিক মাস পড়লেই আমরা এই গাছ ঝোড়া শুরু করি।আর ওই ফাল্গুন মাস পর্যন্ত গাছ কাটবো।

বংশপরম্পরায় দীর্ঘ ৪৫ বছর ধরে এই পেশার সাথে যুক্ত আছি। পারিবারিক অভাবে বাধ্য হয়ে ছোটবেলায় এই পেশায় নামি। বর্তমানে তরুণ প্রজন্ম পড়াশোনা বা অন্যান্য পেশায় ঝুঁকে পড়ায় নতুন কোনো গাছি তৈরি হচ্ছে না। বাপ-দাদার এই ঐতিহ্য ধরে রাখতে কেউ আর গাছে উঠতে চান না। যশোরাঞ্চলে দিন দিন খেজুর গাছ কমে যাওয়ার পেছনে বড় কারণ হিসেবে অবৈধ ইটভাটাগুলো। এই ইটভাটার মালিকরা কম দামে বা গোপনে গাছ কিনে এবং আইন অমান্য করে পরিবেশ ধ্বংস করে এই গাছগুলো জ্বালানি হিসেবে পুড়ছে।

সিজনের শুরুতে দা, দড়া ও সরঞ্জামাদি তৈরি করতে একজন গাছির দুই থেকে তিন হাজার টাকা খরচ হয়। অথচ বর্তমান বাজারে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা মজুরিতে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সরকারি কোনো বড় ধরনের প্রণোদনা বা সহায়তা না পাওয়ায় অনেকেই এই পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন বলে জানান তিনি। 


আর এক গাছি আনিসুর রহমান জানান , আমার আব্বা যখন মারা গেলো, তখন আমার খেজুর গাছে ওঠার লোক থাকলো না। তখন বাধ্যতামুলক আমার স্কুলে যাওয়া বাদ দিয়ে আমার খেজুর গাছে উঠতে হলো। আর ছোট ছোট ভাই বোন থুইয়ে গেছে আব্বা শেষমেষ পেট চালাতে এই পেশায়ই বেছে নিলাম। তার কারণে আমি খেজুর গাছে ওটা শুরু করিলাম। বাবার কাছ থেকে এই গাছ কাটা শিখিলাম। এই খেজুর গাছে এরকম ছুলিয়ে ঠুলিয়ে ইনকাম করি ওই ভাই বোনদোর মানুষ করেছি। আমার এই শীত মৌসুমী এই কাজ করি আর ওই গরমের সময় গল্লা চিংড়ি মাছের বাচ্চা ধরি। এভাবে আমাদের সংসার চলে যায়।


যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের খেজুর গাছ মালিক মোহাম্মদ আতিয়ার রহমান বলেন, আমি প্রত্যেক বছর যশোর এয়ারপোর্ট বাইপাস রোডে ৬০০ গাছ লিজ নিয়ে কাটি। তবে এখন বর্তমানে এই গাছের পেছনে অনেক খরচ হয়ে যাচ্ছে বেশি। তাতে লাভবান হওয়া যাচ্ছে না। তাতে দেখা যাচ্ছে যে সবথেকে খেজুর গাছের গাছি পাওয়া যাচ্ছে না। এইটাই বেশিরভাগের সমস্যা। এখন এই তা ছাড়া আর কি বলব, গুড়ের দামও কম। গাছ কেটে গাছ থেকে রস বের করে গুড় রস বিক্রি করে খুব কম, তবে গুড়টাই বেশিরভাগের তৈরি হয়। আনুমানিক আপনার দেখা যাচ্ছে যে আমার হিসেবে যে ১৩ লাখ টাকা মতো খরচ আছে। কিন্তু দেখা যাচ্ছে যে গত বছরের টাকা হিসেবে দেখা যাচ্ছে যে ওই ওদের দিয়ে ঠিক মানে কোনো রকমে লাখ খানেক টাকা আমার থাকে। ওদের মতো আমার একটা জোনের দাম থাকে। কিন্তু তেমন কোনো টাকা-পয়সা লাভ হয় না। তারপরেও এইটা করি এই কারণে যে এইটা আমার বাপ-দাদারা করে আইছে। তাই সেই হিসেবে আমরাও করি। এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে গাছি সংকট । গাছিই যদি না থাকে তাহলে  দেশে আর গাছ কাটবে কে। গাছিই তো পাওয়া যাচ্ছে না।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, যশোরে বর্তমানে প্রায় সাড়ে ২৩ লাখ খেজুরগাছ রয়েছে। অথচ রস সংগ্রহ করা হয় মাত্র সাড়ে তিন লাখ গাছ থেকে। পরিকল্পিত উদ্যোগ ও সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো গেলে সৃষ্টি হতে পারে নতুন কর্মসংস্থান, সমৃদ্ধ হবে ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের অর্থনীতি।

যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) সুলতানা আফরোজ বলেন, যশোর বাংলাদেশের মধ্যে একটি অন্যতম জেলা খেজুরের রস সংগ্রহ এবং খেজুর গুড় উৎপাদনের জন্য। প্রায় ১৫ হাজার কৃষক খেজুরের রস সংগ্রহ ও গুড় উৎপাদনের কাজে জড়িত হয়েছেন। আমাদের যশোর জেলায় প্রায় সাড়ে ২২ লক্ষ খেজুরের গাছ রয়েছে, যার মধ্যে প্রায় সাড়ে ৩ লক্ষ গাছ থেকে চাষীরা খেজুরের রস সংগ্রহ করছে এবং গুড় উৎপাদন করছে। আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি তাদের বসতবাড়িতে, পতিত জমিতে এবং রাস্তার ধারে খেজুর গাছ রোপণ করার জন্য। এবং বিদ্যমান গাছগুলো আছে, সেই গাছগুলোর পরিচর্যা যাতে ঠিকভাবে করে সে জন্য আমরা প্রতিনিয়ত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি।  


গাছি সংকট নিরসন, নতুন গাছি তৈরি এবং খেজুরের রস উৎপাদনে প্রণোদনাসহ নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ঐতিহ্যবাহী যশোর জেলার অনেকগুলো প্রসিদ্ধ বিষয় আছে, তার মধ্যে একটি হচ্ছে খেজুরের রস এবং খেজুরের গুড়। তো এটা আমাদের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে যশোর জেলার জন্য। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, যশোর জেলাতে যে খেজুরের গুড় এবং রস আহরণ করি আমরা, যারা আহরণ করে তাদেরকে স্থানীয়ভাবে গাছি বলা হয়। তো প্রত্যেক বছর এই গাছিরা যে কাজ করে, গাছ কাটার কাজ করে, রস আহরণের কাজ করে, তাদের আমরা অনেকক্ষেত্রেই জেলা প্রশাসন থেকে বেশ কিছু সাপোর্ট দিয়ে থাকি। এ বছর আমাদের ভালো খবর হচ্ছে যে, এ বছর আমাদের আগামী নভেম্বরের ফার্স্ট উইকে একটা গাছি দিবসের সমাবেশ করতে চাচ্ছি আমরা জেলা প্রশাসনের উদ্যোগে। সে সমাবেশে আমরা কিছু ঘোষণা দেবো আর এর মধ্যে গতকালকেই আমরা সম্মানিত আমাদের মাননীয় কৃষি মন্ত্রী মহোদয়ের পিএস-এর সাথে কথা বলেছিলাম। সেখানে তিনি জানিয়েছেন যে, আমাদের সর্বোচ্চ সহায়তা করবেন। গাছিদের ডাটাবেজ করা হয়েছে, এটা একটা ভালো খবর যে আমরা চৌগাছা উপজেলাতে ১০০০-এর বেশি গাছিদের ডাটাবেজ করেছি। এখানে সবার নাম্বার দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে এবং তাদের আওতাভুক্ত কয়টা গাছ তারা কাটতে পারে, সে সমস্ত কিছু আমাদের তথ্য নেওয়া হয়ে গেছে। এটা আমরা হয়তো মিনিস্ট্রিতে পাঠিয়ে দেবো। সেখান থেকে আমরা বাছাই করে যারা একটু যে সে নিডি বা যাদের প্রয়োজন প্রণোদনা দেওয়ার, সেই ক্ষেত্রে আমরা তাদের সহায়তা করব। একই সাথে যারা উন্নত পদ্ধতিতে রস আহরণ পদ্ধতি, যে ইকুইপমেন্টসগুলো দরকার, সেগুলো আমরা তাদের প্রোভাইড করব। একই সাথে খেজুরের গুড় থেকে যে রস থেকে প্রসেস করে গুড় করা হয়, উন্নত মানের ভালো মানের যেটা প্রসেসিং ইউনিটগুলো আছে, সেগুলো আমরা আপনাদের প্রোভাইড করার চিন্তা করছি। একই সাথে তাদেরকে আমরা এই খেজুরের গুড় এবং সিরাপ তৈরি করার উদ্যোগ নিয়েছি। কিছু উদ্যোক্তা আছে আমাদের যশোরে, তারা কানাডা থেকে শিখে এসেছে, ম্যাপল লিফ সিরাপের মতো করে খেজুর রসের সিরাপ বানাবে। সেটা বানিয়েও আমরা এটা একেবারেই প্রাথমিকভাবে বিএসটিআই এগেস্টে এটা পরীক্ষা করে নেব। যদি এটা সম্ভব হয়, আমরা হয়তো বিদেশে সিরাপ তৈরি করতে সক্ষম হবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে, বাংলাদেশের বাজার একদম সম্পূর্ণভাবেই চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করার উদ্যোগ নিয়েছি আমরা। আশা করছি যে, আমরা সরকারি সহায়তা যেরকম পাচ্ছি, এটা অব্যাহত থাকবে এবং আমরা কৃষকদের বা চাষীদেরকে বা গাছিদেরকে আমরা এই সহায়তা দিয়ে এবং বাংলাদেশের যে যশোর ঐতিহ্য খেজুরের গুড় এবং রসটাকে আমরা সিরাপ আকারে দেশের বাইরে রপ্তানি করতে সক্ষম

Ad