জামালপুরে সাংবাদিকের ওপর হামলা, থানায় মামলা দায়ের

  • প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, দুপুর ০৪:০৮
  • আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, দুপুর ০৪:০৮
WhatsApp Image 2026-04-30 at 4.02.45 PM

স্টাফ রিপোর্টার, জামালপুর:

জামালপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. আল আমিন জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে জামালপুর শহরের ফুলবাড়িয়া সিটি বাইপাস গেইট সংলগ্ন এলাকায় একটি ঘটনায় সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক আল আমিন। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি তার কাজে বাধা প্রদান করেন এবং একপর্যায়ে তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা তাকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এছাড়া তার গলায় থাকা প্রায় ১৩ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১১ হাজার ৫০০ টাকা, ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ না করার জন্য ভয়ভীতি প্রদর্শন করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং পরে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় বেশ কয়েকজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে জামালপুর সদর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad