কালীগঞ্জে নকল পণ্য উৎপাদন ও মাদকসেবনের দায়ে ৪ জনকে কারাদণ্ড, ও ৫০ হাজার ৩০০ টাকা জরিমানা
মোঃ জুয়েল রানা:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেরুয়া ও তুমলিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নকল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য উৎপাদন এবং মাদকসেবনের অপরাধে ৪টি মামলায় মোট ৫০ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড ও ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৬) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আল-আমিন হালদার ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেরুয়া এলাকায় একটি নামবিহীন প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে নকল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য উৎপাদন করে আসছিলো। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় একটি মামলায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দায়ী ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ও প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
এছাড়া তুমলিয়া ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযানে মদ ও গাঁজা সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ৩টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ৩০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে ২ জনকে ৩০ দিন করে এবং ১ জনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মিজানুর রহমান, এসআই, কালীগঞ্জ থানা, গাজীপুর। বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন।
জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে।



