খিলগাঁওয়ে রিজেনেক্স ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর খিলগাঁও উচ্চ বিদ্যালয়ে রিজেনেক্স পেইন সল্যুশন ও রিজেনেক্স ফাউন্ডেশনের উদ্যোগে ব্যথা বিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) আয়োজিত এ ক্যাম্পে দীর্ঘমেয়াদি ব্যথায় আক্রান্ত ১০০ জন দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের ডায়াবেটিস পরীক্ষা ও ওজন পরিমাপ করা হয়।ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রিউমাটোলজিস্ট ও রিজেনারেটিভ মেডিসিন বিশেষজ্ঞ, প্রথম বাংলাদেশি চিকিৎসক হিসেবে বিশ্বের ১০০ জন সেরা ব্যক্তিত্বের তালিকায় স্থান অর্জনকারী ডা. মঞ্জুর এ খোদা।এ সময় ডা. মঞ্জুর এ খোদা বলেন, খাদ্যদূষণ, শারীরিক পরিশ্রম ও ব্যায়ামের অভাব এবং গতানুগতিক খাদ্যাভ্যাসের কারণে মানুষের অস্থিসন্ধি ও জয়েন্ট দ্রুত কার্যক্ষমতা হারাচ্ছে। যেসব রোগ সাধারণত ৬০ থেকে ৭০ বছর বয়সে দেখা দেওয়ার কথা, সেগুলো এখন মানুষের কর্মজীবনেই শুরু হচ্ছে। দীর্ঘমেয়াদি ব্যথায় আক্রান্ত, বিশেষ করে আর্থিক অসচ্ছলতার কারণে যথাযথ চিকিৎসা নিতে না পারা মানুষের পাশে দাঁড়াতেই রিজেনেক্স পেইন সল্যুশন ও রিজেনেক্স ফাউন্ডেশন এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলগাঁও থানা বিএনপির সদস্যসচিব মামুনুর রশিদ আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজেনেক্স ফাউন্ডেশনের উপদেষ্টা ও শিক্ষাবিদ মোবারুল ইসলাম, খিলগাঁও হাই স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সভাপতি, খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, রিজেনেক্স প্রটোকলের যথার্থতা প্রমাণবিষয়ক গবেষণা দলের প্রধান এবং ইউনিভার্সাল সোশ্যাল সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল্লাহ আল মামুন।এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজেনেক্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল কাইয়ূমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।আয়োজকরা জানান, অসচ্ছল ও দীর্ঘমেয়াদি ব্যথায় আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে প্রতিরোধমূলক চিকিৎসার গুরুত্ব তুলে ধরাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।

.webp)

