লাইন ভেঙে রাজশাহী-ঢাকা ট্রেন যোগাযোগ দেড় ঘন্টা বন্ধ

  • প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৩:১৬
  • আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৩:১৬
1000264364

সৈয়দ মোঃ মাসুদ:


নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর এলাকায় রেললাইন ভেঙে যাওয়ায় প্রায় দেড় ঘণ্টা রাজশাহীর সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। এতে রাজশাহী থেকে ঢাকাগামী তিনটি ট্রেন আটকা পড়ে। পরে রেললাইন মেরামত শেষে ট্রেনগুলো বিলম্বে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।


মঙ্গলবার সকাল ৭টার দিকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন যাওয়ার সময় লোকমানপুর এলাকায় রেললাইন ভেঙে যায়। তবে ট্রেনটি নিরাপদে ওই স্থান পার হয়ে যায়। লাইন ভেঙে যাওয়ায় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেস চলাচল বন্ধ হয়ে যায়।


রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল ইসলাম জানান, খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি লোকমানপুর এলাকা অতিক্রমের সময় রেললাইন ভেঙে যায়। পরে মেরামত কাজ শুরু হলে ঢাকাগামী তিনটি ট্রেন আটকা পড়ে।


এর মধ্যে বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশনে এবং মধুমতি এক্সপ্রেস হরিয়ান স্টেশনে আটকা পড়ে।


তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে রেললাইন মেরামতের কাজ শেষ হয়। এরপর সাড়ে ৮টায় হরিয়ান স্টেশন থেকে মধুমতি এক্সপ্রেস, সাড়ে ৮টায় রাজশাহী স্টেশন থেকে বনলতা এক্সপ্রেস ও পৌনে ৯টায় সিল্কসিটি এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। রেললাইন ভেঙে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার।

Ad