কুমিল্লায় প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত

  • প্রকাশ: ২৯ জুন ২০২৬, বিকাল ০৭:২১
  • আপডেট: ২৯ জুন ২০২৬, বিকাল ০৭:২১
WhatsApp Image 2026-06-29 at 7.03.46 PM

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:

প্রেমের সম্পর্কের টানাপোড়েন ও বিয়ের দাবিতে বিরোধের জেরে কুমিল্লার চৌদ্দগ্রামে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ২৯জুন (সোমবার) ভোরে উপজেলার পৌর এলাকার লক্ষীপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের প্রেমিকা নাইমা জাহান ও তার বন্ধু আরিয়ানকে আটক করেছে পুলিশ। ​নিহত সিয়াম লক্ষীপুর গ্রামের বাসিন্দা হাজী এনামুল হকের ছেলে। অন্যদিকে আটক নাইমা জাহান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা। ​পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, মোবাইল ফোনের সূত্রে সিয়াম ও নাইমার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সম্পর্কের সূত্র ধরে গত রোববার রাতে নাইমা সিয়ামদের লক্ষীপুরের বাড়িতে আসেন। রাতের বেলা বাড়ির একটি কক্ষে সিয়াম, নাইমা এবং সিয়ামের বন্ধু আরিয়ান একসাথে অবস্থান করছিলেন। ​পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইমা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে বিয়ে করা নিয়ে মনোমালিন্য চলছিল। সোমবার ভোরে সিয়াম তাকে নিজ বাড়িতে ফিরে যাওয়ার জন্য চাপ দিলে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষোভের বশে ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করেন নাইমা। ​ভোরে সিয়ামের চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা ঘরের ভেতর থেকে নাইমা ও তার বন্ধু আরিয়ানকে আটকে রেখে থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে সিয়ামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্ত দুজনকে হেফাজতে নেয়। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, প্রেমিকা নাইমা সিয়ামকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করেছে। আটককৃতদের থানায় রেখে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Ad