মহাসড়কে কুবি’র বাসে অগ্নিসংযোগের চেষ্টা, চালকের বিচক্ষণতায় রক্ষা পেলেন ৭০ শিক্ষার্থী

  • প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ০৪:১৯
  • আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ০৪:১৯
WhatsApp Image 2026-11-19 at 3.58.56 PM

জিএম মাকছুদুর রহমান:

​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে বাসচালকের তাৎক্ষণিক বিচক্ষণতায় বড় ধরনের নাশকতা ও প্রাণহানি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসে থাকা ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থী। বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর এলাকায় বিএসটিআই কার্যালয়ের পাশে এই নাশকতার চেষ্টা চালানো হয়। ​প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাতের ট্রিপে বিশ্ববিদ্যালয়ের বাসটি কুমিল্লা শহরের কান্দিরপাড় থেকে শিক্ষার্থীদের নিয়ে পদুয়ার বাজার বিশ্বরোড হয়ে কোটবাড়িস্থ ক্যাম্পাসে ফিরছিল। বাসটি বিশ্বরোড পার হয়ে নন্দনপুর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে ওত পেতে থাকা দুই দুর্বৃত্ত হঠাৎ বাসটির গতিরোধের চেষ্টা করে। এ সময় তারা রাস্তায় রাখা টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে জলন্ত টায়ারটি চলন্ত বাসের নিচে ছুড়ে মারে। ​তবে বাসচালক মো. শফিকের তাৎক্ষণিক সিদ্ধান্তে আগুন বাসে ছড়িয়ে পড়তে পারেনি। ঘটনার বর্ণনা দিয়ে চালক শফিক বলেন, ‘বাস নিয়ে ওই এলাকা অতিক্রমের সময় দেখি দুজন লোক রাস্তায় টায়ার ফেলে দাঁড়িয়ে আছে। বাসটি তাদের কাছাকাছি যেতেই তারা টায়ারে আগুন দিয়ে বাসের দিকে নিক্ষেপ করে। বিপদ আঁচ করতে পেরে আমি মুহূর্তের মধ্যে বাসটি নিরাপদ দূরত্বে সরিয়ে নিই, ফলে আগুন বাসে লাগতে পারেনি। ​ঘটনার আকস্মিকতায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসের সামনে চালকের পাশের আসনে বসা এক শিক্ষার্থী জানান, হঠাৎ দুই ব্যক্তি বাস থামানোর সংকেত দেয়। কাছে যেতেই দেখি বাসের নিচে আগুন জ্বলছে। প্রাণের ভয়ে আমরা সবাই দ্রুত বাস থেকে নেমে পড়ি। এরই ফাঁকে দুর্বৃত্তরা অন্ধকারে পালিয়ে যায়। ​এ ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হননি এবং বিশ্ববিদ্যালয়ের বাসটিও সম্পূর্ণ অক্ষত রয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান। তিনি শিক্ষার্থীদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ​এদিকে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এই নাশকতার চেষ্টা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

Ad