মান্দায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে বাড়িতে হানা, স্বর্ণালংকার লুটের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর মান্দায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে একটি বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও টাকা লুটের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও একটি হাতকড়ি জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারইটঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।আটক ব্যক্তিরা হলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে এনামুল হক (৩২), চাপড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মানিক হোসেন (৩২) এবং ফুলবাড়ী উপজেলার মুক্তারপুর গ্রামের ইউসুফ খলিফার ছেলে মুন্না হাসান (৩৫)।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার দুপুরে ওই তিন ব্যক্তি নিজেদের গোয়েন্দা পুলিশ সদস্য পরিচয় দিয়ে পারইটঙ্গী গ্রামের বিপুল চন্দ্র প্রামাণিকের বাড়িতে যান। বাড়িতে মাদক রয়েছে—এমন দাবি করে তাঁরা ঘরে ঢুকে তল্লাশি শুরু করেন।একপর্যায়ে তাঁরা বাড়ির শোকেস খুলে স্বর্ণালংকার ও টাকা নিয়ে বের হওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন বাড়ির মালিক বিপুল চন্দ্র প্রামাণিক। তাঁদের আচরণে সন্দেহ হলে স্থানীয় বাসিন্দারা বিষয়টি বুঝতে পারেন এবং তিনজনকে ধাওয়া করেন। পরে পাশের বাগমারা উপজেলার সিমলা বাজার এলাকায় তাঁদের আটক করা হয়।আটকের পর স্থানীয় লোকজন তাঁদের মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেন বলে জানা গেছে।বিপুল চন্দ্র প্রামাণিক অভিযোগ করে বলেন, মাদক উদ্ধারের কথা বলে ওই ব্যক্তিরা তাঁর বাড়িতে ঢুকে তল্লাশি শুরু করেন। পরে শোকেস থেকে ৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের বিভিন্ন স্বর্ণালংকার ও ৫৬ হাজার টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁদের আটক করা হয়।তবে পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। অভিযোগের প্রকৃত ঘটনা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আলেফ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে দুটি মোটরসাইকেল, একটি হাতকড়ি ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।তিনি আরও বলেন, এ ঘটনায় বিপুল চন্দ্র প্রামাণিক বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। আটক ব্যক্তিদের রোববার আদালতে পাঠানো হবে।



