কৃষি আধুনিকায়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরলেন ড. মঈন খান

  • প্রকাশ: ২০ জুন ২০২৬, দুপুর ০৪:৩২
  • আপডেট: ২০ জুন ২০২৬, দুপুর ০৪:৩২
Screenshot_1

কামরুল হাসান জুয়েল ,নরসিংদী জেলা প্রতিনিধি:

বাংলার মাটি, মানুষের ঘাম আর কৃষকের স্বপ্ন—এই তিনের সমন্বয়ে গড়ে ওঠা কৃষি ব্যবস্থার নবজাগরণের গল্প তুলে ধরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, “যখন দেশ খাদ্যের অভাবে দিশেহারা, তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষিকে আধুনিকতার ছোঁয়ায় নতুন প্রাণ দিয়েছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে।”শুক্রবার (১৯ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ড. মঈন খান তাঁর বক্তব্যে বলেন, “কৃষি শুধু জীবিকার মাধ্যম নয়, এটি আমাদের অস্তিত্বের ভিত্তি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই দর্শন থেকেই জিয়াউর রহমান কৃষিকে দিয়েছেন সর্বোচ্চ গুরুত্ব।” তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই উৎপাদন ব্যবস্থার বিকাশই পারে গ্রামীণ অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে।অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রেরণার মঞ্চে, যেখানে কৃষির উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতির শক্তিশালীকরণ নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।কৃষির অগ্রযাত্রায় নতুন স্বপ্ন বুনে এই আয়োজন যেন স্মরণ করিয়ে দিল—মাটির টানেই এগিয়ে যাবে বাংলাদেশ, কৃষকের হাত ধরেই গড়বে আগামীর সমৃদ্ধ ভবিষ্যৎ।

Ad