মুরাদনগর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
জিএম মাকছুদুর রহমান:
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনুপস্থিত ও দায়িত্ব অবহেলার দায়ে ৫ জন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে বিভিন্ন স্থানে সংযুক্তিতে থাকা আরও ৭ জন চিকিৎসককে অবিলম্বে নিজ কর্মস্থলে ফিরিয়ে আনার নির্দেশ দেন তিনি। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে পূর্ব ঘোষণা ছাড়াই হাসপাতালটি পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি ৫১ জন অনুমোদিত পদের বিপরীতে হাসপাতালে মোট ১২ জন চিকিৎসকের অনুপস্থিতি দেখতে পান। এর মধ্যে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা ৫ জন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অন্যত্র সংযুক্তিতে থাকা ৭ জন চিকিৎসককে দ্রুততম সময়ের মধ্যে মুরাদনগর হাসপাতালে ফিরিয়ে আনার তাগিদ দেন। পরিদর্শনকালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার বড় ঘোষণা দেন মন্ত্রী। এই সম্প্রসারণ প্রকল্পের আওতায় হাসপাতালে ১০টি আধুনিক ডায়ালাইসিস মেশিন স্থাপন, প্রসূতি নারীদের জন্য ২০ শয্যার আলাদা ওয়ার্ড, নবজাতকদের জন্য ২০ শয্যার বিশেষ ব্যবস্থা, নারী ও পুরুষের জন্য পৃথক ফিজিওথেরাপি সেবা এবং শিশু ফিডার বা ব্রেস্টফিডিং সেন্টার চালু করা হবে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আগামী ১৫ থেকে ১৬ দিনের মধ্যে এই উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী ১ নভেম্বর নতুন যোগদানকারী ৪৮ জন চিকিৎসক থেকে মুরাদনগর হাসপাতালেও চিকিৎসক পদায়ন করা হবে। হাসপাতালের সার্বিক কার্যক্রমে বিগত সময়ের তুলনায় কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ করলেও বর্জ্য ও ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার বেহাল দশায় চরম অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশ অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর থাকা স্বাস্থ্যসেবার জন্য উদ্বেগজনক উল্লেখ করে তিনি কঠোর ভাষায় বলেন, উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের চারপাশ ও ভেতরের পরিবেশ সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখা বাধ্যতামূলক।



.webp)